৩০ ঘণ্টা ধরে আগুনে জ্বলছে মার্কিন রণতরী, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ সেনা

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:২৫:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:২৫:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
শত্রুর আক্রমণ নয়, বরং অভ্যন্তরীণ অগ্নিকাণ্ড আর যান্ত্রিক বিভ্রাটে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের সবচাইতে অত্যাধুনিক ও বিশালাকৃতির বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। গত সপ্তাহে রণতরিটির লন্ড্রি অংশে লাগা আগুন টানা ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধোঁয়ায় বেশ কয়েকজন নৌসেনা অসুস্থ হয়ে পড়েছেন। যদিও মার্কিন নৌবাহিনী দুই নাবিকের সামান্য আহত হওয়ার খবর নিশ্চিত করেছে, তবে প্রকৃত পরিস্থিতি আরও জটিল। আগুনের তীব্রতায় অন্তত ৬০০ নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন। বর্তমানে তারা রণতরির মেঝে বা টেবিলের ওপর রাত কাটাচ্ছেন। লন্ড্রি পুড়ে যাওয়ায় কয়েক হাজার ক্রুর কাপড় ধোয়াও বন্ধ হয়ে গেছে।

বিস্ময়কর হলেও সত্য, ১ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের এই রণতরিতে আবাসন সমস্যার পাশাপাশি টয়লেট সমস্যাও প্রকট আকার ধারণ করেছে। এনপিআরের প্রতিবেদন অনুযায়ী, কয়েক বছর ধরেই এই বিশালাকৃতির জাহাজের টয়লেট মেরামতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। ১০ মাস ধরে সাগরে অবস্থান করা ৪ হাজার ৫০০ ক্রুর বর্তমান জীবনযাত্রা এখন 'চরম অস্বস্তিকর' হয়ে দাঁড়িয়েছে।

১ লাখ টন ওজনের এই দানবীয় রণতরিটি বর্তমানে লোহিত সাগরে মোতায়েন রয়েছে। যদি এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত এটি সাগরে অবস্থান করে, তবে তা হবে ভিয়েতনাম যুদ্ধের পর কোনো মার্কিন রণতরির দীর্ঘতম মোতায়েন। যান্ত্রিক সমস্যা আর অগ্নিকাণ্ডের ধকল সত্ত্বেও নৌবাহিনী দাবি করেছে, তাদের সামরিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153