যুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যেই ইরানিদের শ্বাসরুদ্ধকর জীবনযাপন

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৯:৩১:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৯:৩১:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ইরানের জনজীবন। রাজধানী তেহরানের বাসিন্দারা এখন গভীর হতাশা ও চরম উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন। যুদ্ধের তৃতীয় সপ্তাহে পদার্পণ করার পর শহরটির পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

স্থানীয় নাগরিকদের ভাষ্যমতে, প্রতিটি রাত কাটছে ভয়াবহ আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে। তেহরানের এক ৩২ বছর বয়সী বাসিন্দা জানান, গত কয়েক দিন ধরে তারা এমন অনুভব করছেন যেন এক ধ্বংসস্তূপের মধ্যে বসবাস করছেন এবং ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। তিনি বর্তমান পরিস্থিতিকে শ্বাসরুদ্ধকর ও চরম হতাশাজনক হিসেবে অভিহিত করেছেন।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নাগরিক সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, প্রতি রাতে হামলার তীব্রতা আগের তুলনায় বেড়ে যাচ্ছে, যা সাধারণ ইরানিদের বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার অনুভূতি দিচ্ছে। তবে এই ভয়াবহ পরিস্থিতির মাঝেও কিছু মানুষ স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।

৪৪ বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছেন, মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মাঝেও জীবন থেমে থাকে না। দুশ্চিন্তায় ঘরে বসে থাকার চেয়ে দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়াকেই তারা বেঁচে থাকার লড়াই হিসেবে বেছে নিয়েছেন।

অন্য দিকে ৩০ বছর বয়সী এক নারী জানিয়েছেন, রাতের বেলা শহরজুড়ে বোমার বিকট শব্দ শোনা যায়, যা অত্যন্ত ভীতিকর। বিদেশে অবস্থানরত কিছু প্রবাসী এই সংঘাতকে সমর্থন করলেও স্থানীয় বাসিন্দাদের কাছে এটি চরম ভুল এবং অর্থহীন ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই নয়। তাদের মতে, ক্রমাগত বোমাবর্ষণের মধ্যে এই মানবেতর জীবন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153