‘বাংলাদেশ আমাদের বোকা বানিয়েছে’

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৯:২৯:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৯:২৯:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
সালমান আলী আগার সেঞ্চুরিতে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে গেছে পাকিস্তান। এতে দলটি যে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তা আরো দীর্ঘায়িত হতে শুরু করেছে। 

স্বাভাবিকভাবেই শাহীন আফ্রিদির দলের পারফরম্যান্স নিয়ে নাখোশ দেশটির সাবেক ক্রিকেটাররা। তারা সমালোচনার তিরে বিদ্ধ করছেন উত্তরসূরিদের। কেউ কেউ নাহিদ রানা-তাসকিন আহমেদদের কাছে সাহিবজাদা ফারহান-মোহাম্মদ রিজওয়ানদের হারের চুলচেরা বিশ্লেষণ করছেন।  

এই তালিকায় আছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলারের মতে, বাংলাদেশ এবার স্পিনের পরিবর্তে পেস সহায়ক পিচ বানিয়ে পাকিস্তানকে বোকা বানিয়েছে।

আমির বলেছেন, ‘সবাই জানত বাংলাদেশের কন্ডিশনে খেলা সহজ হবে না। কিন্তু এবার তারা একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে। তারা আমাদের জন্য স্পিনের পরিবর্তে বাউন্সি উইকেট তৈরি করেছে। বাংলাদেশ জানত আমরা স্পিন ভালো খেলি। তাই তারা বাউন্সি উইকেট বানিয়ে আমাদের বোকা বানিয়েছে।’

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটিতেই অলআউট হয়েছে পাকিস্তান। মন্থর পিচে বল নিচু হয়ে আসায় মিরপুরের পিচ বেশিরভাগ ক্ষেত্রেই স্পিনারদের স্বর্গরাজ্য হিসেবে কাজ করে। 

তবে এবার পাকিস্তান সিরিজে হয়েছে বিপরীত। পিচ কিউরেটর টনি হেমিং এবার স্পোর্টিং উইকেট বানানোয় বাড়তি সুবিধা পেয়েছেন পেসাররা।

পাকিস্তানের ৩০ উইকেটের ১৯টিই নিয়েছেন বাংলাদেশের তিন পেসার নাহিদ রান (৮), তাসকিন আহমেদ (৬) ও মুস্তাফিজুর রহমান (৫)।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153