রেলের নতুন সিদ্ধান্ত, বিমানবন্দর স্টেশনে থামবে না ৯ ট্রেন

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০১:০৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০১:০৬:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের শিডিউল বিপর্যয় রোধ এবং যাত্রীসেবা নিশ্চিত করতে একগুচ্ছ বিশেষ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (১৬ মার্চ) থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় ঈদের আগের দিন পর্যন্ত ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে উত্তরবঙ্গগামী ৯টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।

ট্রেনগুলো হলো— একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস। একইসাথে ঢাকা থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে ঢাকা স্টেশন পর্যন্ত কোনো আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু না করার নিয়মও কার্যকর করা হয়েছে।

যাত্রীচাপ সামলাতে ট্রেনের প্রস্থান স্থলেও কিছু পরিবর্তন আনা হয়েছে। সুন্দরবন, মধুমতি, বেনাপোল ও জাহানাবাদ এক্সপ্রেসের পাশাপাশি রূপসী বাংলা এবং নকশীকাঁথা কমিউটার ট্রেনগুলো এখন থেকে ঢাকা রেলওয়ে স্টেশনের মূল প্ল্যাটফর্মের পরিবর্তে শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। এছাড়া প্রশাসনিক কাজে গতি আনতে এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে ঈদের আগে-পরে মোট ২০ দিন ট্রেনে কোনো বিশেষ ‘সেলুনকার’ সংযোজন না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনাসহ দেশের বড় স্টেশনগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিনা টিকিটে যাত্রী প্রবেশ ঠেকাতে জিআরপি, আরএনবি, বিজিবি, র‍্যাব ও স্থানীয় পুলিশের সমন্বয়ে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে চলন্ত ট্রেন ও রেললাইনে গোয়েন্দা নজরদারি বাড়ানোর মাধ্যমে যেকোনো বিশৃঙ্খলা দমনে কঠোর প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153