ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৮:৪০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৮:৪০:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাসের দাবিতে মইন টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। রোববার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় কারখানার সামনে এ বিক্ষোভ করেন কারখানার প্রায় শতাধিক শ্রমিক।

শ্রমিকরা জানান, সকালে তারা কাজে যোগ দেন। এ সময় কর্তৃপক্ষের কাছে মার্চ মাসের ১৫ দিনের কাজের বেতন ও ঈদের বোনাসের দাবি জানান। তবে এতে কারখানা কর্তৃপক্ষ পাওনাদি না দেওয়ায় তারা কর্মবিরতি শুরু করেন। এরপর দুপুর ২টার দিকে কারখানার বাইরে একটি আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এদিকে কারখানা কর্তৃপক্ষ বলছে, নিয়ম অনুযায়ী মাসের শেষে বেতন পরিশোধ করা হয়। ফেব্রুয়ারি মাসের বেতন গত ১৩ মার্চ পরিশোধ করা হয়েছে। এছাড়া কাজের সময়কাল অনুযায়ী তাদের একটি অংশ পাওনা পরিশোধ করা হবে।

একজন নারী শ্রমিক বলেন, ঈদের আগে আমাদের মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবি করেছি। কিন্তু তারা কোনো পাওনা দেয়নি। এজন্যই আমরা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি। আমরা দ্রুত আমাদের পাওনাদি পরিশোধের দাবি জানাই।

কারখানা পরিচালক ইমাম হোসেন বলেন, আমরা শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন গত দুই দিন আগে ১৩ মার্চ পরিশোধ করেছি। এখন তারা মার্চের অর্ধেক বেতন ও বোনাস দাবি করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153