ঈদ উপলক্ষে ৫ কয়েদির কারামুক্তি

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৭:১৪:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৭:১৪:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে বন্দি থাকা অর্ধেকের বেশি সাজাভোগ করা পাঁচ জন দণ্ডপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার।

আজ রোববার (১৫ মার্চ) কারা অধিদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মুক্তিপ্রাপ্তরা হলেন— চাঁদপুর কারাগারের আকাশ রিশি প্রকাশ দাশ, গাজীপুর জেলা কারাগারের রবিউল হোসেন, রংপুর কেন্দ্রীয় কারাগারের জিকারুল হক জিকু ও নুরুজ্জামান এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের আব্দুল করিম।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, তারা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছিলেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ বিবেচনায় সরকার তাদেরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

তিনি জানান, গত ১১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের কারামুক্তির আদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। আদেশ পাওয়ার পর ইতোমধ্যে কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে। আজকের মধ্যে বাকিদের মুক্তির কার্যক্রম শেষ হবে।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতাবলে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষ্যে বিভিন্ন অপরাধে দণ্ডিত অর্ধেকের বেশি সাজাভোগ করা এ সব পাঁচ জন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করে মুক্তি দেওয়া হয়েছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153