খ্যাতিমান অভিনেতা হাশমির মৃত্যু

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের খ্যাতিমান অভিনেতা সুজাত হাশমি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে পাকিস্তানের টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খবর সামা টিভির।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল রাত ৯টায় জামিয়া নাইমা মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেখানে পরিবার, সহকর্মী ও ভক্তরা শেষ শ্রদ্ধা জানান।

সুজাত হাশমি পাকিস্তানের টেলিভিশনের স্বর্ণযুগে বিশেষভাবে পরিচিতি লাভ করেন। ১৯৭০-এর দশকে পিটিভির নাটক কোহারের মাধ্যমে তার অভিনয়জীবন শুরু হয়। এরপর অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।

বিশেষ করে জনপ্রিয় ধারাবাহিক ওয়ারিসে ‘মোলাদাদ’ চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছিল। এই চরিত্রটি তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় কাজ হিসেবে বিবেচিত হয়।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও সফল ক্যারিয়ার গড়ে তুলেছিলেন শুজাত হাশমি। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম পাঞ্জাবি চলচ্চিত্র চাঁদ বুরায় দি ইয়ারি দর্শকদের প্রশংসা কুড়ায়। এরপর ১৯৭৯ সালের চলচ্চিত্র খাক অর খুনে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া ওয়াদ্দা খান ও ডো জিদ্দিসহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে উর্দু ও পাঞ্জাবি চলচ্চিত্রে নিজের দক্ষতার স্বাক্ষর রাখেন।

দীর্ঘ অভিনয়জীবনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৪ সালে তিনি পাকিস্তানের মর্যাদাপূর্ণ প্রাইড অব পারফরম্যান্স পুরস্কারে ভূষিত হন।

দশকের পর দশক ধরে টেলিভিশন ও চলচ্চিত্রে তার অবদান দর্শক ও সমালোচকদের কাছে সমানভাবে প্রশংসিত হয়েছে। তার মৃত্যুতে পাকিস্তানের সাংস্কৃতিক অঙ্গনে এক শূন্যতা তৈরি হলো।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153