সড়কে ফিটনেসবিহীন বাস নামলেই কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৭:৩৫:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৭:৩৫:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সড়কে যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত ‘লক্কড়ঝক্কড়’ বা ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

বুধবার (১১ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

কমিশনার জানান, সড়কে যান্ত্রিক ত্রুটিযুক্ত বাস বিকল হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি করে। তাই এবার বিআরটিএ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে গঠিত ‘মোবাইল কোর্ট’ মাঠ পর্যায়ে সক্রিয় থাকবে। এমনকি লক্কড়ঝক্কড় বাস মেরামতের গ্যারেজগুলোতেও বিশেষ নজরদারি চালানো হবে।

পবিত্র ঈদে যানজট নিরসনে বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বিআরটি লেন এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়া সড়ক একমুখী (ওয়ানওয়ে) করার সম্ভাবনার কথা জানান ডিএমপি কমিশনার। পাশাপাশি ঢাকা বাইপাস সড়ক সচল রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে।

যাত্রীদের সুবিধার্থে বাস টার্মিনালগুলোতে ‘হেল্পডেস্ক’ স্থাপনের নির্দেশ দিয়ে তিনি বলেন, "ভাড়ার তালিকা অবশ্যই দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে। কোনো বাসের শিডিউল বিপর্যয় ঘটলে তা দ্রুত যাত্রীদের অবহিত করতে হবে।" এছাড়া টার্মিনালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের সহযোগিতা চাওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনাল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ডিবি, এসবি এবং র‍্যাবের পাশাপাশি পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে। যেকোনো সন্দেহভাজন বস্তু তল্লাশিতে ডগ স্কোয়াড এবং বিশেষ পরিস্থিতিতে সোয়াত (SWAT) টিম প্রস্তুত রাখা হয়েছে। এমনকি যানজট নিয়ন্ত্রণে অশ্বারোহী পুলিশও দায়িত্ব পালন করবে।

পরিবহন সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, চালকরা যেন একটানা ৪-৫ ঘণ্টার বেশি গাড়ি না চালান। বিশেষ করে আবদুল্লাহপুর, গাবতলী ও সায়েদাবাদের মূল সড়কে দাঁড়িয়ে যাত্রী তুললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সরকার আগামী ১৮ মার্চ থেকে ছুটি ঘোষণা করায় যাত্রীদের চাপ কয়েক ভাগে বিভক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এতে প্রতিদিন গড়ে ২০ লাখ মানুষ ঢাকা ছাড়তে পারবে। এছাড়া তৈরি পোশাক শিল্পের মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন ১৬ থেকে ২০ মার্চের মধ্যে ধাপে ধাপে (প্রতিদিন ২০ শতাংশ হারে) শ্রমিকদের ছুটি দেওয়া হয়। এতে পরিবহন সংকট ও যানজট অনেকটাই সহনীয় পর্যায়ে থাকবে বলে মনে করছে ডিএমপি।

মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য সামছুর রহমান শিমুল বিশ্বাস, মো. সাইফুল আলম এবং এম এ বাতেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153