টিএসসিতে নারী লাঞ্ছনার দায়ে ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৮:২৮:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৮:২৮:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে ঢাবি প্রসাশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি সংলগ্ন এলাকায় দুই নারী ও দুই পুরুষ লাঞ্ছনার শিকার হন। ওই ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারের ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাঁদের বহিষ্কারের আদেশ প্রদান করেন।

প্রক্টর অফিস জানায়, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক বহিষ্কারের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153