জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৪:২৯:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৪:২৯:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়া ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার সই করা চিঠিতে বলা হয়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

চিঠিতে তেলের অবৈধ মজুদ প্রতিরোধ, নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি বন্ধ করা এবং খোলা বাজারে তেল বিক্রি ও পাচার ঠেকাতে কঠোর নজরদারি জোরদার করার কথা বলা হয়েছে। এসব বিষয় নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ দিকে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সমন্বয়ে ‘কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং ও কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153