টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে সেরা পাকিস্তানি, বোলিংয়ে ভারতীয়

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:০৫:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:০৫:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ক্রিকেট বিশ্ব দেখল ভারতের রাজকীয় দাপট। রেকর্ড তৃতীয়বারের মতো এবং টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল টিম ইন্ডিয়া। এবারের আসরে ব্যাটিংয়ে স্যামসন-ঈশান আর বোলিংয়ে বুমরাহ-বরুণদের জাদুতে প্রতিপক্ষরা রীতিমতো দিশেহারা ছিল। তবে ব্যক্তিগত অর্জনে সবাইকে ছাড়িয়ে গেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। টুর্নামেন্টে রানার্সআপ নিউজিল্যান্ডের ব্যাটাররাও লড়াই করেছেন সমানে সমান।

টুর্নামেন্টজুড়ে ব্যাট হাতে টর্নেডো বইয়ে দিয়েছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। ৬ ইনিংসে ১৬০.২৫ স্ট্রাইক রেটে ৩৮৩ রান করে তিনি ভেঙে দিয়েছেন বিরাট কোহলির এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড। আসরে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে নতুন ইতিহাস গড়েছেন তিনি। ব্যাটিং তালিকার দ্বিতীয় স্থানে আছেন কিউই ব্যাটার টিম সেইফার্ট (৩২৬ রান), যিনি নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ছিলেন অনবদ্য।

ভারতের শিরোপা জয়ের অন্যতম নায়ক সাঞ্জু স্যামসন ৫ ইনিংসে ৮২.২৫ গড়ে ৩২১ রান করে তালিকার তিনে জায়গা করে নিয়েছেন। টুর্নামেন্ট সেরা এই ব্যাটার বিশেষ করে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন। চতুর্থ স্থানে থাকা ঈশান কিষাণ ৯ ইনিংসে ৩১৭ রান করেছেন মারকুটে ব্যাটিংয়ে, যার স্ট্রাইক রেট ছিল ১৯৩.২৭। আর পঞ্চম স্থানে থাকা কিউই হার্ডহিটার ফিন অ্যালেন করেছেন ২৯৮ রান।

ফাইনালের সেরা খেলোয়াড় জাসপ্রিত বুমরাহ আবারও প্রমাণ করেছেন কেন তিনি বর্তমান বিশ্বের সেরা পেসার। ৮ ম্যাচে মাত্র ৬.২১ ইকোনমি রেটে ১৪ উইকেট নিয়ে তিনি ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। সমান ১৪ উইকেট নিলেও ইকোনমিতে পিছিয়ে থাকায় তালিকার দুইয়ে আছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী।

এবারের আসরের বড় চমক যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ভ্যান শালকভিক। মাত্র ৪ ম্যাচে ১৩ উইকেট নিয়ে তিনি তালিকার তিনে জায়গা করে নিয়েছেন। এছাড়া জিম্বাবুয়েকে সুপার এইটে তোলার কারিগর ব্লেসিং মুজারাবানি ১৩ উইকেট নিয়ে আছেন চতুর্থ স্থানে। তালিকার পঞ্চম নামটি অভিজ্ঞ লেগ স্পিনার আদিল রশিদের, যিনি ইংল্যান্ডের হয়ে শিকার করেছেন ১৩ উইকেট।

ব্যাটিংয়ের সেরা পাঁচ : সাহিবজাদা ফারহান ৩৮৩ রান টিম সেইফার্ট ৩২৬ রান সাঞ্জু স্যামসন ৩২১ রান ঈশান কিষাণ ৩১৭ রান ফিন অ্যালেন ২৯৮ রান

বোলিংয়ের সেরা পাঁচ : জাসপ্রিত বুমরাহ ১৪ উইকেট বরুণ চক্রবর্তী ১৪ উইকেট শ্যাড ভ্যান শালকভিক ১৩ উইকেট ব্লেসিং মুজারাবানি ১৩ উইকেট আদিল রশিদ ১৩ উইকেট। 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153