ইরানের হুমকি আমি একদমই পরোয়া করি না : ট্রাম্প

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৯:০২:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৯:০২:৫৯ অপরাহ্ন



Sign In


Save

Normal Text

 

 

নিজস্ব প্রতিবেদক

ইরানের পক্ষ থেকে আসা সাম্প্রতিক হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজনির হুঁশিয়ারিকে গুরুত্বহীন আখ্যা দিয়ে ট্রাম্প জানিয়েছেন, এ ধরনের কোনো বক্তব্যকে তিনি পরোয়া করেন না।

 

শনিবার (০৭ মার্চ) রাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের এই কঠোর অবস্থানের কথা জানান।

 

সম্প্রতি আলী লারিজানি মন্তব্য করেছিলেন, ইরানে মার্কিন হামলার জন্য ট্রাম্পকে চড়া মূল্য দিতে হবে। এর জবাবে পাল্টা কটাক্ষ করে ট্রাম্প বলেন, ‘সে কী বলল বা সে কে, তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। লারিজানি অনেক আগেই পরাজিত হয়েছেন।’

 

বর্তমানে আলী লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশটির পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি নির্ধারণে এই পরিষদটি অত্যন্ত প্রভাবশালী, যেখানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা যুক্ত রয়েছেন।

 

সংঘাত নবম দিনে গড়িয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ট্রাম্প ও ইরানি নেতৃত্বের মধ্যে চরম উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির প্রবাহ চলছে। এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধানের পথ ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে, যদিও আঞ্চলিক শক্তিগুলো যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে।

 

এর আগে লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় অঙ্গীকার করেন, ‘আমাদের নেতা ও জনগণের রক্তের প্রতিশোধ আমরা নেবই। ট্রাম্পকে এর চরম মূল্য দিতে হবে।’

 

উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর লারিজানি এখন দেশটির অন্যতম প্রধান নীতিনির্ধারক হিসেবে আবির্ভূত হয়েছেন।

 

এদিকে ইরানের পক্ষ থেকে আসা ধারাবাহিক হুঁশিয়ারির জবাবে ট্রাম্প পুনরায় ঘোষণা করেছেন, ইরান ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ না করা পর্যন্ত মার্কিন হামলা অব্যাহত থাকবে। এমনকি শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইরানে মার্কিন স্থলসেনা পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি।

 

ট্রাম্প সতর্ক করে বলেন, ‘প্রয়োজন হলে আমরা স্থল অভিযানও চালাতে পারি। আর তেমনটি ঘটলে ইরান এমনভাবে ধ্বংস হবে যে, তারা ভবিষ্যতে আর কখনোই যুদ্ধ করার সক্ষমতা ফিরে পাবে না।’

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153