ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৬:৪৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৬:৪৩:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুস সালাম ব্যাপারীকে অপসারণ করেছে সরকার। রোববার (০৮ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে তার।

প্রকৌশলী আবদুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়াও তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকার পরও অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তাকে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হয়েছিল। বিগত বছরগুলোতে ওয়াসার তিনটি বড় প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন প্রকৌশলী আবদুস সালাম। এসব প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল। এমন একজন ব্যক্তিকে ওয়াসার মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থার এমডি হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে তাই প্রশ্ন ওঠে।

গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে, মো. আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

অনুসন্ধানে প্রাপ্ত প্রাথমিক তথ্যে জানা যায়, মো. আব্দুস সালাম ব্যাপারী ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে বিভিন্ন উৎস থেকে অর্জিত অর্থ অবৈধ প্রক্রিয়ায় বিদেশে পাচার করে তিনি নিজ, তার স্ত্রী এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে আরও জানা যায়, ২০১৮ সালে তিনি নিজের নাম এবং তার স্ত্রী মাহবুবুন্নেছার নামে কানাডার টরন্টো শহরে একটি বাড়ি ক্রয় করেন। স্থানীয় ভূমি নিবন্ধন অফিস সূত্রে এ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। জানা যায়, ২০১৮ সালের ২৮ মার্চ ক্রয়কৃত ওই বাড়িটির বর্তমান মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। বিভিন্ন গণমাধ্যমেও কানাডার টরন্টোতে তার পরিবারের নামে বাড়ি থাকার তথ্য প্রকাশিত হয়েছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153