আরব আমিরাতে ইরানের ১৪২২ ড্রোন ও ২৩৮ মিসাইল হামলা

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৬:৩৪:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৬:৩৪:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিশোধ নিতে রণমূর্তি ধারণ করেছে ইরান। সংঘাতের নবম দিনে তেল আবিবের পাশাপাশি এবার সংযুক্ত আরব আমিরাতেও নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। রোববার (৮ মার্চ) আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ইরানের এই ‘নির্লজ্জ আগ্রাসনে’ পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের মোট চারজন প্রবাসী নাগরিক প্রাণ হারিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট ২৩৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১ হাজার ৪২২টি ড্রোন এবং ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে রোববার চালানো বড় মাপের হামলায় ১৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১১৭টি ড্রোনের মধ্যে ১৬টি ক্ষেপণাস্ত্র ও ১১৩টি ড্রোনকেই মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে আমিরাতি প্রতিরক্ষা ব্যবস্থা। বাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র সমুদ্রে আছড়ে পড়েছে।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর অবশেষে নতুন উত্তরসূরি নির্বাচন করেছে তেহরান। খামেনির মৃত্যুর নয়দিন পর রোববার (৮ মার্চ) ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্ট’-এর সদস্য আহমাদ আলামোলহোদা জানিয়েছেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংখ্যাগরিষ্ঠ সদস্যের ঐক্যমত্যের ভিত্তিতে নেতা নির্বাচন করা হলেও কৌশলগত কারণে এখনো তার নাম প্রকাশ করা হয়নি।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, অ্যাসেম্বলি অব এক্সপার্ট সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করবেন। খামেনি পরবর্তী যুগে ইরানের এই নতুন নেতৃত্ব মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153