ইরানের হামলায় ৩০ কোটি ডলারের মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৭:১৪:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৭:১৪:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এক নতুন মোড় নিয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাডার কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে তেহরান। প্রায় ৩০ কোটি ডলার মূল্যের এই রাডার ব্যবস্থাটি ধ্বংস হওয়ায় ওই অঞ্চলে মার্কিন ও মিত্র বাহিনীর আকাশপ্রতিরক্ষা সক্ষমতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (০৭ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে মোতায়েন করা ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অত্যন্ত সংবেদনশীল এএন/টিপিওয়াই-২ রাডারটি ইরানের হামলায় চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সিএনএনও এই ধ্বংসযজ্ঞের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের হাতে মাত্র আটটি ‘থাড’ ব্যাটারি রয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী, প্রতিটি পূর্ণাঙ্গ থাড ব্যাটারির মূল্য প্রায় ১০০ কোটি ডলার, যার মধ্যে কেবল রাডারটির পেছনেই ব্যয় হয় ৩০ কোটি ডলার। দক্ষিণ কোরিয়া ও গুয়ামের মতো গুরুত্বপূর্ণ স্থানেও এই ব্যবস্থা মোতায়েন রয়েছে, যা এর গুরুত্ব প্রমাণ করে।

আঞ্চলিক যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়িয়ে যাওয়ার পর ইরানের নৌবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) একযোগে এই অভিযান চালায়। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, কেবল জর্ডান নয়, বরং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটি এবং কুয়েতের মার্কিন স্থাপনা লক্ষ্য করেও বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে।

আইআরজিসি-র বিবৃতিতে দাবি করা হয়েছে, তাদের সুনির্দিষ্ট নিশানায় মার্কিন বাহিনীর আকাশযুদ্ধ নিয়ন্ত্রণ কেন্দ্র, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং আর্লি ওয়ার্নিং রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। সেই ঘটনার প্রতিশোধ হিসেবে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো ইসরায়েলসহ জুড়ে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153