‘ইরানে হামলা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামবে না’

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৭:১০:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৭:১৫:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ওই হামলার পর তেহরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলসহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে আঘাত হানছে বলে জানা গেছে। এতে করে অঞ্চলজুড়ে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। নতুন করে প্রতিবেশী তুরস্ক ও আজারবাইজানের দিকেও প্রতিশোধমূলক হামলার খবর পাওয়া গেছে।

এই পরিস্থিতিতে রাশিয়া বলেছে, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে সংঘাতে জড়িয়ে ফেলছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইচ্ছাকৃতভাবে ইরানকে কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালাতে প্ররোচিত করা হয়েছে, যার ফলে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় রুশ পক্ষ গভীরভাবে উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে।

রাশিয়ার অভিযোগ, এভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে অন্যের স্বার্থসংশ্লিষ্ট যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা করছে।

মস্কোর মতে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো ইরানের ওপর চলমান হামলা বন্ধ করা। তবে বর্তমান পরিস্থিতিতে সেই ধরনের কোনো ইতিবাচক লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153