কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৯:১৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৯:১৬:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়া উপজেলায় সাহরি খাওয়ার সময় ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (০৩ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই গৃহবধূর স্বামী বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। আজ দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পরিবারের অন্য সদস্যরা যখন সাহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন দুর্বৃত্তরা ঘরে ঢুকে ওই নারীর ওপর হামলা চালায়। ধস্তাধস্তির শব্দ শুনে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে ঘাতকরা পালিয়ে যায়। পরে সেখান থেকে গৃহবধূর নিথর দেহ উদ্ধার করা হয়।

নিহতের ভাশুর আবদুল আলম অভিযোগ করে বলেন, আমার ছোট ভাইয়ের স্ত্রীর গলায় ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এসময় জমিজমা নিয়ে প্রতিবেশী একটি পরিবারের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বিরোধ ছিল বলেও তিনি উল্লেখ করেন।

উখিয়া থানার ওসি নুর আহম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, নিহত গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে তাঁকে ধর্ষণের চেষ্টার আলামত পাওয়া গেছে। 

এদিকে স্থানীয় ইউপি সদস্য এম মনজুর আলম এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153