ইরানে হামলার যৌক্তিকতা নিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনায় ডেমোক্র্যাটরা

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০২:৪৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০২:৪৬:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্র্যাট সদস্যরা ইরানে হামলা নিয়ে ট্রাম্প প্রশাসনের দাবির তীব্র সমালোচনা করেছেন। তাদের বক্তব্য, তেহরান থেকে যে হুমকির কথা বলা হচ্ছে, তা যুক্তরাষ্ট্রের প্রতি নয়; বরং তা ইসরায়েলের প্রতি ছিল।

ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার সাংবাদিকদের বলেন, গোয়েন্দা কমিটির ব্রিফিংয়ে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘তাৎক্ষণিক হুমকি’ নির্দেশ করে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কোনো আসন্ন হুমকি ছিল না।’

তিনি আরও বলেন,
‘ইসরায়েলের প্রতি হুমকি ছিল। যদি আমরা ইসরায়েলের প্রতি হুমকিকে যুক্তরাষ্ট্রের প্রতি তাৎক্ষণিক হুমকির সমতুল্য ধরি, তবে আমরা এক অজানা পরিস্থিতিতে প্রবেশ করছি।’

টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রোও প্রশাসনের অবস্থানের সমালোচনা করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যের দিকে ইঙ্গিত করেন, যেখানে বলা হয়েছিল—ইরানের ওপর যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য কেউ হামলা করলে তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও জবাব দেবে—এটি ‘স্পষ্ট’ ছিল।

কাস্ত্রোর ভাষ্য, ‘রুবিওর বক্তব্য থেকেই বোঝা যায়, ইসরায়েল ইরানে হামলার ওপর জোর দিয়ে মার্কিন বাহিনীকে ঝুঁকির মুখে ফেলেছে। আর প্রশাসন তাদের যুদ্ধ থামানোর চেষ্টা না করে তাতে যোগ দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘একজন প্রেসিডেন্টের জন্য এটি অগ্রহণযোগ্য। আর যে দেশ নিজেকে আমাদের মিত্র বলে দাবি করে, তাদের পক্ষ থেকেও এটি গ্রহণযোগ্য নয়।’
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153