ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন ৪ দিন বন্ধ থাকবে
আপলোড সময় :
১৮-০৩-২০২৬ ১২:৩৬:২২ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৩-২০২৬ ১২:৩৬:২২ অপরাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন ৪ দিন বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদকঃ
সেতু মেরামত কাজের জন্য পবিত্র ঈদুল ফিতরের পর ফেনীর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেন চার দিন বন্ধ রাখা হবে। এরপর আরও কয়েকদিন এক লেনে যান চলাচল করবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
সড়ক বিভাগের ফেনী কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রামপুর সেতুর মেরামত কাজ আগামী ২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চলবে। এর মধ্যে ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত চট্টগ্রামমুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে। পরে ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত এক লেনে যান চলাচল করবে।
সওজের পক্ষ থেকে বিকল্প হিসেবে কয়েকটি সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে র্যাব ক্যাম্প-সংলগ্ন ইউটার্ন থেকে রামপুর ব্রিজ পরবর্তী ইউটার্ন পর্যন্ত দুই লেন একমুখী ব্যবহার, ফতেহপুর স্টারলাইন পাম্প হয়ে সালাউদ্দিন মোড়, ট্রাক রোড, জিরো পয়েন্ট হয়ে লালপোল, বিসিক মোড় হয়ে দেওয়ানগঞ্জ মোড়সহ বিভিন্ন সংযোগ সড়ক।
তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, এসব বিকল্প সড়কের বেশিরভাগই শহরের ভেতরের এবং ভারী যান চলাচলের জন্য পুরোপুরি উপযোগী নয়। এতে শহরের ভেতরে যানজট সৃষ্টি হয়ে ভোগান্তি বাড়তে পারে।
পরিবহন সংশ্লিষ্টদের মতে, ঈদের আগে ও পরে এই মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত রুট। তাই এ সময়ে লেন বন্ধ থাকলে কিছুটা দুর্ভোগ তৈরি হতে পারে।
এ বিষয়ে ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ২০২৪ সালের বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত মেরামত প্রয়োজন। ঈদের পর কয়েকদিন যানবাহনের চাপ তুলনামূলক কম থাকায় এ সময়টিকেই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এক লেনে যান চলাচল অব্যাহত থাকলেও বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স