‘ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে এক চুলও পিছু হটবে না ইরান’
আপলোড সময় :
১৭-০৩-২০২৬ ০৭:১৩:০১ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৩-২০২৬ ০৭:১৩:০১ অপরাহ্ন
‘ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে এক চুলও পিছু হটবে না ইরান’
নিজস্ব প্রতিবেদকঃ
আল-কুদস দিবসের র্যালিতে সশরীরে উপস্থিত হওয়ার পর এবার এক বিশেষ বার্তায় মুসলিম বিশ্বের প্রতি তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে ইরান এক চুলও পিছু হটবে না। তবে এই লড়াইয়ে তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলোর ভূমিকা নিয়ে তিনি গভীর হতাশা ব্যক্ত করেন।
লারিজানি মুসলিম দেশগুলোর ঐক্যের প্রয়োজনীয়তাকে ধর্মীয় বাধ্যবাধকতা হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, মুষ্টিমেয় কিছু দেশ বাদে অধিকাংশ ইসলামি রাষ্ট্র ইরানের বিরুদ্ধে হওয়া ‘বিশ্বাসঘাতক আগ্রাসনের’ প্রতিবাদ করতে বা ইরানকে সমর্থন দিতে ব্যর্থ হয়েছে।
হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি প্রশ্ন তোলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের আর্তনাদ শুনেও সাড়া দেয় না, সে কি আদৌ মুসলমান?
লারিজানির এই বক্তব্য মূলত মধ্যপ্রাচ্যের সেই দেশগুলোর প্রতি ইঙ্গিত, যারা সাম্প্রতিক সময়ে ইরানের ওপর হওয়া হামলার বিষয়ে নিশ্চুপ ছিল।
উপসাগরীয় দেশগুলো ইরানের আঞ্চলিক কর্মকাণ্ডকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখলেও, লারিজানি তার বার্তায় এই হামলাগুলোকে ন্যায্য বলে দাবি করেন। তিনি সাফ জানিয়ে দেন, এই লড়াইয়ে নিরপেক্ষ থাকার বা ‘মাঝামাঝি’ কোনো অবস্থান নেওয়ার সুযোগ নেই। তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন— আপনারা কোন পক্ষে?
তবে উত্তেজনার মধ্যেই তিনি আশ্বস্ত করে বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর ওপর কোনো প্রকার আধিপত্য বিস্তার করতে চায় না। বরং ঐক্যবদ্ধ হলে সবার নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত হবে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের আঞ্চলিক প্রভাব ও প্রক্সি গোষ্ঠীগুলোর (যেমন: হুতি, হিজবুল্লাহ) কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন। লারিজানির বার্তাটি মূলত এই দেশগুলোকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রচ্ছন্ন চাপ হিসেবে দেখা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স