র্যাব বিলুপ্তির দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি
আপলোড সময় :
১৬-০৩-২০২৬ ০৮:২২:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৩-২০২৬ ০৮:২২:১৭ অপরাহ্ন
র্যাব বিলুপ্তির দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি
নিজস্ব প্রতিবেদকঃ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছে ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।
আজ সোমবার (১৬ মার্চ) হিউমান রাইটস ওয়াচ, অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল, ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপেজি, সিভিকাসসহ মোট ৯টি সংগঠন এ চিঠি পাঠায়। তাদের পক্ষ থেকে একই চিঠি দেওয়া হয়েছে আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও।
চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের সামনে বর্তমানে বেশকিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো মনে করছে, এই সময়টিকে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজে লাগানো যেতে পারে।
সংগঠনগুলোর মতে, শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুম, বিচার-বহির্ভূত হত্যা এবং অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ ছিল। তার পতনের পর এসব ঘটনার অনেকটাই কমেছে। তবুও অন্তর্বর্তী সরকারের সময়েও রাজনৈতিক প্রতিপক্ষকে ইচ্ছামতো আটক, সাংবাদিকদের ওপর চাপ, ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি বলে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনেরও আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া মানবাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ ও আইনগত সংস্কারের জন্য কয়েকটি নির্দিষ্ট সুপারিশও তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স