ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীকাইল গ্যাসক্ষেত্রে নতুন কূপ চালু, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৮:২৬:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৮:২৬:৪৭ অপরাহ্ন
শ্রীকাইল গ্যাসক্ষেত্রে নতুন কূপ চালু, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস শ্রীকাইল গ্যাসক্ষেত্রে নতুন কূপ চালু, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মুরাদনগরে অবস্থিত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। পরীক্ষামূলক উত্তোলনের মাধ্যমে এই কূপ থেকে প্রতিদিন প্রায় ৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

শনিবার (১৪ মার্চ) শ্রীকাইলের মখলিসপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে কূপটির উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, অতিরিক্ত আমদানিনির্ভরতার কারণে দেশের জ্বালানি খাত ঝুঁকির মুখে পড়েছে। বৈশ্বিক জ্বালানি সংকটের সময় এ নির্ভরতা দেশের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। তাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন বাড়িয়ে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

তিনি আরও বলেন, অতীতে অবহেলার কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স তার পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারেনি। বর্তমান উদ্যোগের মাধ্যমে বাপেক্সের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়িয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করা হবে।

শ্রীকাইল গ্যাসক্ষেত্র কূপ–৫ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. আব্দুল বাতিন জানান, গত বছরের ২৮ সেপ্টেম্বর এই কূপ খননের কাজ শুরু হয় এবং চলতি বছরের জানুয়ারিতে খনন সম্পন্ন হয়। কূপটিতে প্রায় ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, নতুন এই কূপ চালু হওয়ায় এখন শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে প্রতিদিন মোট প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হকসহ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ