ঈদের পর মালদ্বীপ থেকে ফেরার কথা নুরনবীর, তবে ফিরছে নিথর দেহ
আপলোড সময় :
১৪-০৩-২০২৬ ০২:৫৬:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৩-২০২৬ ০২:৫৬:৪৪ অপরাহ্ন
ঈদের পর মালদ্বীপ থেকে ফেরার কথা নুরনবীর, তবে ফিরছে নিথর দেহ
নিজস্ব প্রতিবেদক
প্রায় দশ বছর প্রবাস জীবন কাটানোর পর এবারের ঈদের পর বাড়ি ফেরার কথা ছিল নুরনবী সরকারের। দীর্ঘদিন পর সন্তান দেশে ফিরবেন এ আনন্দে পরিবারে চলছিল নানা প্রস্তুতি। কিন্তু এরই মধ্যে আসে খবর—জীবিত নয়, তার মরদেহ ফিরবে দেশে। এ যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়লো।
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশির একজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা এলাকার নুরনবী সরকার। শুক্রবার তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দ্রুত মরদেহ দেশে এনে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় নুরনবী সরকার ২০১৬ সালে মালদ্বীপের দ্বিগুড়া আইল্যান্ডে পাড়ি জমায়। সেখানে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনি নিহত হন।
নিহতের বাবা আব্দুস সামাদ বলেন, “আমার ছেলে প্রায় দশ বছর ধরে মালদ্বীপে কাজ করত। পরিবারকে ভালো রাখতে অনেক কষ্ট করেছে। ঈদের পর বাড়ি আসবে বলে জানিয়েছিল, আমরা সবাই তার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু হঠাৎ শুনতে হলো সে আর বেঁচে নেই। এখন আমাদের একটাই দাবি—দ্রুত যেন তার মরদেহ দেশে এনে আমাদের কাছে হস্তান্তর করা হয়।”
আকস্মিক এই সংবাদে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। তারা এখনো জানেন না কীভাবে মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
স্থানীয়দের অভিযোগ, এখনো মরদেহ দেশে আনার আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া শুরু হয়নি এবং এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
প্রবাসী কল্যাণ সেন্টার বগুড়ার সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, আমরা নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। মরদেহ দ্রুত দেশে আনতে সব ধরনের সহযোগিতা করা হবে৷
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স