ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কষ্ট পেয়েছি, বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৮:৩১:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৮:৩১:১৫ অপরাহ্ন
কষ্ট পেয়েছি, বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা কষ্ট পেয়েছি, বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা
নিজস্ব প্রতিবেদক
সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে সমালোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেয়া নাম মনিকা কবির। বিভিন্ন বিতর্কে জড়িয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি।

সম্প্রতি রাজধানীর গুলশানের ব্যস্ততম একটি সড়কে এক বৃদ্ধ পথচারীকে মারধরের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এ নিয়ে চর্চা ও কটাক্ষ শুরু হতেই দেশের সাধারণ মানুষের ওপর চরম ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন রুশ বংশোদ্ভূত কথিত এই মডেল।

গুলশানের ঘটনায় এরইমধ্যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে মনিকা কবিরকে। এতে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। আবার তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে আদালতে।

সম্প্রতি এক মুঠোবার্তায় নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন এই কথিত রুশ-বাংলা মডেল। মনিকা কবির বলেন, আপনারা আপনাদের মেয়েদের ওপর পানি ফেলেন দেশে! আমি চলে গেলে এখানে কোনো বিদেশি মেয়ে আসবে না, আপনাদের কথা দিচ্ছি আমি। আমি বাংলাদেশকে অনেক অনেক... বাংলাদেশ আমাকে কষ্ট দিলে আমিও কষ্ট দেব বাংলাদেশকে। এভাবে চলবে না, আমি আপনাদের দেশের জন্য অনেক কিছু করেছি, আপনাদের দেশের কালচারকে আমার দেশে রিপ্রেজেন্ট করেছি।

কয়েকদিন আগে গুলশান-২ এলাকায় টিকটকের ভিডিও ধারণের সময় এক বৃদ্ধ পথচারীর ব্যাগের কোনো মনিকা কবিরের গায়ে কিছুটা লাগতেই তাৎক্ষণিক মেজাজ হারান। অভিযোগ উঠে, ওই বৃদ্ধকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করেছেন এবং নিজের হাতে থাকা ব্যাগ ছুড়ে মেরে বৃদ্ধ পথচারীকে মারধর ও লাঞ্ছিত করেছেন এই তরুণী।

এ ঘটনার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন মনিকা কবির। যা ভাইরাল হতেই সমালোচনা ও বিতর্ক শুরু হয় দেশজুড়ে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই কথিত রুশ-বাংলা মডেলের বিরুদ্ধে মামলা করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত মনিকা কবিরকে হাজির হওয়ার জন্য সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু করেছেন।

প্রসঙ্গত, মনিকা কবিরের প্রকৃত নাম মারিয়া ভ্যালিরিয়েভনা, পরিবার ডাকে ‘মনিশকা’ নামে। তার জন্ম রাশিয়ায় এবং বেড়ে ওঠা মস্তোকোতে। মা রুশ নাগরিক ম্যারিয়া গোজেন এবং বাবা একজন ভারতীয় চামড়া ব্যবসায়ী।

বাবার ব্যবসা সূত্রে ২০১২ সালে প্রথম বাংলাদেশে আসা মনিকার খোলামেলা পোশাক ও যত্রতত্র চলাফেরা নিয়ে অনেক আগে থেকেই বিতর্ক ছিল নেটিজেনদের মধ্যে। সেই বিতর্ক সম্প্রতি অনাকাঙ্ক্ষিত কয়েকটি ঘটনার পর নতুন করে সমালোচনার সৃষ্টি করেছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ