‘ইরান আক্রান্ত হলে তার মূল্য পুরো বিশ্বকেই দিতে হবে’
আপলোড সময় :
১১-০৩-২০২৬ ০৫:৫৩:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৩-২০২৬ ০৫:৫৩:৪২ অপরাহ্ন
‘ইরান আক্রান্ত হলে তার মূল্য পুরো বিশ্বকেই দিতে হবে’
নিজস্ব প্রতিবেদক
ইরানের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্থাপনা এবং সম্পদকে লক্ষ্যবস্তু করছে। যুদ্ধ শুরুর আগেই তেহরান সতর্ক করে জানিয়েছিল, তাদের ওপর হামলা হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং এর মূল্য দিতে হবে পুরো বিশ্বকে।
ইরানের থিংক ট্যাংক ডিপলোহাউজের পরিচালক হামিজ রেজা গোলামজাদেহ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং তেহরান আগে থেকেই সতর্ক করে আসছিল যে দেশটির ওপর হামলা হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যা বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।
তেহরান থেকে দেওয়া সাক্ষাৎকারে গোলামজাদে বলেন, ইরানের এই সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া হয়নি। তার মতে, ইরানে হামলার ফলে শুধু প্রতিবেশী দেশগুলোই নয়, বিশ্বের অন্যান্য অঞ্চলও এর প্রভাবের মুখে পড়বে। কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এবং সেগুলো থেকেই ইরানের ওপর হামলা পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আত্মরক্ষার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। গোলামজাদের ভাষায়, ইরানের নিরাপত্তা এই অঞ্চলের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
তার মতে, ইরানের নিরাপত্তা নিশ্চিত হওয়া মানেই বৈশ্বিক অর্থনীতির নিরাপত্তাও নিশ্চিত হওয়া। তিনি সতর্ক করে বলেন, ইরান আক্রান্ত হলে তার প্রভাব ও মূল্য পুরো বিশ্বকেই দিতে হবে এবং ইরানের বিরুদ্ধে যেকোনো যুদ্ধের পরিণতি শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতিকেও বহন করতে হবে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স