সেহরির সময় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ বাবার
আপলোড সময় :
১১-০৩-২০২৬ ০৪:০৭:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৩-২০২৬ ০৪:০৭:০৩ অপরাহ্ন
সেহরির সময় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ বাবার
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় দুর্গম পাহাড়ি এলাকায় সেহরির সময় এক গৃহবধূর ছুরিকাঘাত করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম জাজিদা আক্তার (২৫)। তিনি ওই এলাকার দিনমজুর মো. শফিকুল ইসলামের স্ত্রী। ঘটনার সময় শফিকুল বান্দরবানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
ঘটনার বিবরণ ও পরিবারের বক্তব্য নিহতের শ্বশুর নুরুল বশর জানান, তাঁর ছেলে ও পুত্রবধূ পৃথক ঘরে বসবাস করতেন। অসুস্থ শাশুড়ির জন্য প্রতিদিন জাজিদা সেহরি প্রস্তুত করে দিলেও আজ নির্ধারিত সময়ের পরও কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি খোঁজ নিতে যান। সেখানে অন্ধকার ঘরে জাজিদার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
তবে নিহতের বাবা নুরুল ইসলাম এই মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই জাজিদার ওপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। পারিবারিক কলহের জেরে তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি মনে করেন।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নাছির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এটি হত্যাকাণ্ড কি না বা এর পেছনে কারা জড়িত, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স