কর্মসপ্তাহ ৪ দিন ও এমপিদের বেতন কমালো সরকার
আপলোড সময় :
১০-০৩-২০২৬ ০৮:০৩:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৩-২০২৬ ০৮:০৩:২৬ অপরাহ্ন
কর্মসপ্তাহ ৪ দিন ও এমপিদের বেতন কমালো সরকার
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় একাধিক মিতব্যয়ী পদক্ষেপ ও সঞ্চয় পরিকল্পনা ঘোষণা করেছে পাকিস্তান সরকার। সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব পদক্ষেপের কথা জানান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তানও বর্তমানে জ্বালানি সরবরাহ সংকটের মুখে পড়েছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় বৈশ্বিক পর্যায়ে তীব্র সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা শুরু করেছে ইরান। এর ফলে বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো ক্রেতাদের কাছে জ্বালানি সরবরাহ করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটিতে পেট্রল ও ডিজেলের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশজুড়ে ব্যয় সংকোচন ও মিতব্যয়ী নীতি গ্রহণ করেছে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, পুরো অঞ্চল এখন সংঘাতের কবলে পড়েছে। এই সংকট নিরসনে পাকিস্তান কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, পুরো অঞ্চল বর্তমানে যুদ্ধাবস্থায় রয়েছে এবং পরিস্থিতি শান্ত করতে পাকিস্তান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করছে।
পাকিস্তানের পশ্চিম সীমান্তে নিরাপত্তা চ্যালেঞ্জ ও সন্ত্রাসবাদের হুমকির কথাও উল্লেখ করেন তিনি। শেহবাজ শরিফ জানান, দেশের সশস্ত্র বাহিনী পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করছে। এ সময় চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএফ) ফিল্ড মার্শাল অসীম মুনিরের নেতৃত্বে সামরিক বাহিনীর কার্যক্রমের প্রশংসা করেন তিনি।
এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর হামলা ও তাকে হত্যার নিন্দা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের বন্ধুত্বপূর্ণ দেশগুলোতে পাল্টা হামলারও সমালোচনা করেন তিনি।
ব্যয় সংকোচনে পাকিস্তানের নেওয়া পদক্ষেপ
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যয় কমাতে কেন্দ্রীয় ও প্রাদেশিক উভয় সরকার একাধিক মিতব্যয়ী সিদ্ধান্ত নিয়েছে।
এর মধ্যে রয়েছে—
জ্বালানি সাশ্রয়: আগামী দুই মাস সরকারি গাড়িতে জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমানো হবে। এ সময় সরকারি দপ্তরের ৬০ শতাংশ গাড়ি ব্যবহার করা হবে না।
বেতন কাটছাঁট: ফেডারেল মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা ও বিশেষ সহকারীরা আগামী দুই মাস কোনো বেতন পাবেন না। এছাড়া সংসদ সদস্যদের বেতন ২৫ শতাংশ কমানো হয়েছে।
ব্যয় সংকোচন: সব সরকারি দপ্তরের ব্যয় ২০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিদেশ সফর: মন্ত্রী, উপদেষ্টা ও সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের বিদেশ সফর নিষিদ্ধ করা হয়েছে। ভার্চুয়াল মিটিং ও টেলিকনফারেন্সকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
অন্যান্য ব্যবস্থা: ৩ লাখ রুপির বেশি মাসিক বেতনভোগী ২০তম গ্রেড ও তার ওপরের কর্মকর্তাদের দুই দিনের বেতন কাটা হবে। সরকারি পর্যায়ে সব ধরনের নৈশভোজ ও ইফতার পার্টি নিষিদ্ধ করা হয়েছে। সেমিনার ও অনুষ্ঠানের জন্য কেবল সরকারি ভেন্যু ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া জরুরি সেবা ছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৫০ শতাংশ জনবল বাসা থেকে কাজ করবেন। সরকারি অফিস সপ্তাহে চার দিন খোলা থাকবে, তবে ব্যাংক এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।
শিক্ষা খাত: চলতি সপ্তাহের শেষ থেকে স্কুলগুলো দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস শুরু হবে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স