‘জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলাটি চালিয়েছে ইসরায়েল’
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ লেবাননে একটি জাতিসংঘ ঘাঁটিতে হামলায় তিনজন ঘানার শান্তিরক্ষী গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসস এবং ঘানা সরকার।
ঘানা জানিয়েছে, তারা এ ঘটনার বিরুদ্ধে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। দেশটি দাবি করেছে, ‘যারা এই হামলার জন্য দায়ী তাদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনতে হবে। কারণ এই হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন, এটি যুদ্ধাপরাধের শামিল এবং জাতিসংঘ শান্তিরক্ষী সদস্যদের জন্য নির্ধারিত সুরক্ষার প্রতি অবমাননা।’
এদিকে লেবাননের প্রেসিডেন্ট জেসেপ আউন অভিযোগ করেছেন, শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলাটি ইসরায়েল চালিয়েছে। অন্যদিকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করবে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, মহাসচিব গুতেরেস শুক্রবার (৬ মার্চ) ঘটে যাওয়া এই ঘটনার নিন্দা জানিয়েছেন। ওই হামলায় দক্ষিণ-পশ্চিম লেবাননের আল-কাওযাহ এলাকায় অবস্থানরত ইউনিফিলের তিনজন ঘানার শান্তিরক্ষী আহত হন।
গুতেরেস জোর দিয়ে বলেন, জাতিসংঘের কর্মী ও সম্পদের নিরাপত্তা সবসময় সম্মান করতে হবে এবং এই ঘটনার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, জাতিসংঘের স্থাপনাগুলোর অখণ্ডতা সকল পক্ষেরই সম্মান করা উচিত।
ঘানা তাদের অভিযোগপত্রে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সেবায় নিয়োজিত কর্মীদের ওপর হামলার ঘটনাটি ঘিরে ‘পূর্ণাঙ্গ, দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত’ দাবি করেছে।