ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ইস্যুতে কয়েকটি দেশ নিয়ে জরুরি বৈঠকে বসছে আরব লীগ

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০২:৪০:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০২:৪০:৩৩ অপরাহ্ন
ইরান ইস্যুতে কয়েকটি দেশ নিয়ে জরুরি বৈঠকে বসছে আরব লীগ ইরান ইস্যুতে কয়েকটি দেশ নিয়ে জরুরি বৈঠকে বসছে আরব লীগ
নিজস্ব প্রতিবেদক
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের মুখে পাল্টাপাল্টি ইরানি হামলা এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনায় বসছে আরব লীগ। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় আগামীকাল রোববার (৮ মার্চ) সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-কে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

সংস্থাটির সচিবালয় সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ছয়টি দেশ- সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, জর্ডান এবং মিশর এই জরুরি সভার প্রস্তাব দিয়েছে। মূলত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক আলোচনা কোনো চুক্তি ছাড়াই ভেঙে যাওয়ার পর থেকেই এই উত্তেজনার সূত্রপাত।

উল্লেখ্য, গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চললেও শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি পক্ষ দুটি। এর পরপরই ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন বাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েলি বাহিনী এর নাম দিয়েছে ‘অপারেশন রোয়ারিং লায়ন’।

এই সামরিক আগ্রাসনের জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিভিন্ন সামরিক ঘাঁটিতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, এই সংঘাতময় পরিস্থিতিতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সরাসরি সহায়তা করছে রাশিয়া। এমন এক জটিল সমীকরণের মধ্যেই কালকের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ