নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’
আপলোড সময় :
০৭-০৩-২০২৬ ১২:১৫:১০ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৩-২০২৬ ১২:১৫:১০ অপরাহ্ন
নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’
নিজস্ব প্রতিবেদক
বলিউডের বহুল প্রতীক্ষিত সিরিজে নিজের উপস্থিতির জানান দিতে নতুন লুকে ধরা দিলেন ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’-এ মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ভারতীয় ওয়েব সিরিজ ‘জাজ সিটি’।
সম্প্রতি কলকাতায় সিরিজটির প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই নায়ক। সেখানে গাঢ় সবুজ রঙের স্যাটিন স্যুট এবং স্টাইলিশ সানগ্লাসে অত্যন্ত আধুনিক ও চনমনে লুকে দেখা গেছে তাকে।
প্রচারণা অনুষ্ঠানের সেই লুকের একগুচ্ছ ছবি এবার নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন আরিফিন শুভ। ছবিতে তাকে এক আত্মবিশ্বাসী ও স্টাইলিশ অবস্থায় দেখা গেছে। ছবির ক্যাপশনে লেখেন, “লেস পারফেকশন, মোর অথেন্টিসিটি”, অর্থাৎ, কম নিখুঁত, বেশি খাঁটি।
সিরিজটিতে ‘জিমি রায়’ নামক একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ; বিপরীতে আছেন ওপার বাংলার অভিনেত্রী সৌরসেনী মৈত্র। সত্তর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে শুভর রেট্রো লুক, আভিজাত্যপূর্ণ পোশাক এবং গম্ভীর উপস্থিতি ভক্তদের মাঝে রহস্যের সৃষ্টি করেছে।
সম্প্রতি প্রকাশিত পোস্টারেও প্রেম, সংগীত আর সংঘাতের এক উত্তাল সময়ের ইঙ্গিত পাওয়া গেছে। নির্মাতা সৌমিক সেনের পরিচালনায় এই সিরিজের মাধ্যমে বলিউডের মাটিতে শুভ নিজের শক্ত অবস্থান তৈরি করবেন- এমনটাই ধারণা তার ভক্তদের।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে ‘সনি লিভ’-এ দর্শক সিরিজটি উপভোগ করতে পারবেন।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স