শ্রমিক দল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, অস্ত্রসহ আটক ১
আপলোড সময় :
০৫-০৩-২০২৬ ১১:০৬:২২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৫-০৩-২০২৬ ১১:০৬:২২ পূর্বাহ্ন
শ্রমিক দল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, অস্ত্রসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক
খুলনা মহানগরীর ব্যস্ততম ডাকবাংলো মোড়ে মাসুম বিল্লাহ (৪৫) নামের এক শ্রমিক দল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৪ মার্চ) রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করার সময় এই হামলার ঘটনা ঘটে।
নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা-বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাসুম বিল্লাহ যখন একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন, তখন হঠাৎ ৬-৭ জনের একটি সশস্ত্র দল তাঁকে ঘিরে ধরে। হামলাকারীরা প্রথমে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। জনাকীর্ণ এলাকায় গুলির শব্দে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করেন।
এসময় হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ও দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য ধাওয়া দিয়ে অশোক ঘোষ নামের একজনকে ধরে ফেলেন। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য গুরুতর আহত অবস্থায় মাসুম বিল্লাহকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স