সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশুর মৃত্যু, দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত
আপলোড সময় :
০৪-০৩-২০২৬ ০৭:৫৭:০১ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৩-২০২৬ ০৭:৫৭:০১ অপরাহ্ন
সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশুর মৃত্যু, দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনা করাতে গিয়ে আয়ান আহমেদ নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসকের পেশাগত নিবন্ধন (রেজিস্ট্রেশন) স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
বুধবার (৪ মার্চ) সংস্থাটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত পৃথক নোটিশে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। নিবন্ধন স্থগিত হওয়া দুই চিকিৎসক হলেন- ডা. তাসনুভা মাহজাবিন ও ডা. সৈয়দ সাব্বির আহমেদ।
বিএমডিসির ৫৪তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আয়ানের চিকিৎসায় সরাসরি 'চিকিৎসা অবহেলা' প্রমাণিত না হলেও উক্ত চিকিৎসকদের মধ্যে 'পেশাসুলভ আচরণের ঘাটতি' পরিলক্ষিত হয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এবং সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুযায়ী তাদের নিবন্ধন ৬ মাসের জন্য সাময়িকভাবে বাতিল ও প্রত্যাহার করা হয়েছে।
বিএমডিসির নির্দেশনা অনুযায়ী, ৩ মার্চ থেকে এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে। স্থগিত থাকাকালীন ওই দুই চিকিৎসক বাংলাদেশের অভ্যন্তরে কোনো প্রকার অ্যালোপ্যাথি চিকিৎসা প্রদান করতে পারবেন না এবং নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতেও আইনত বাধা থাকবে।
উল্লেখ্য, রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল শিশু আয়ান। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাকে সুন্নতে খৎনার জন্য নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের আগে অ্যানেসথেসিয়া প্রয়োগের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার জ্ঞান ফেরেনি। সংকটাপন্ন অবস্থায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা আট দিন লাইফ সাপোর্টে থাকার পর ২০২৪ সালের ৭ জানুয়ারি দিবাগত রাতে চিকিৎসকেরা আয়ানকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় চিকিৎসার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ তুলে ২০২৪ সালের ৯ জানুয়ারি বাড্ডা থানায় মামলা দায়ের করেন আয়ানের বাবা শামীম আহমেদ। দীর্ঘ তদন্ত ও আইনি পর্যালোচনার পর বিএমডিসি এই প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করল।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স