ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না
আপলোড সময় :
০২-০৩-২০২৬ ০৮:০৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৩-২০২৬ ০৮:০৯:৩২ অপরাহ্ন
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না
নিজস্ব প্রতিবেদক
দখলদার ইসরায়েলের ওপর দশম দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এতে দেশজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশ্রয়কেন্দ্র বা বাঙ্কারে অবস্থান নিয়েও স্বস্তি পাচ্ছে না ইসরায়েলিরা।
একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরেও উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। কারণ সেখানে হোম ফ্রন্ট অ্যালার্ট সিস্টেম, বিমান হামলার সাইরেন, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নেই।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গতকাল রোববার (১ মার্চ) দিবাগত রাতের প্রথম ভাগে ইসরায়েলে বড় ধরনের হামলা না চালালেও সোমবার সকাল থেকে ভারী বোমাবর্ষণ শুরু করে ইরান। বিভিন্ন এলাকায় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণ প্রতিরোধ ব্যবস্থার কারণে নাকি সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে ঘটছে, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা কঠিন।
এ দিকে রোববার পশ্চিম জেরুজালেমের কাছে অবস্থিত ইসরায়েলি শহর বেইট স্মেসের একটি সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। রিপোর্ট লেখা পর্যন্ত এতে অন্তত নয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে।
প্রতিবেদনে বলা হয়, গত জুনে ইরান-ইসরায়েল সংঘাতের তুলনায় বর্তমানে আরও বেশি ইসরায়েলিকে আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য করা হচ্ছে। যদিও আগের সংঘাতের সময়ের তুলনায় ক্ষেপণাস্ত্রের সংখ্যা ততটা বেশি নয়, তবুও অনেক ক্ষেত্রে তিন ঘণ্টা পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হচ্ছে। এতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা স্পষ্ট হচ্ছে। তবে এবার আশ্রয়কেন্দ্রেও স্বস্তি মিলছে না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও সৌদি আরবে অবস্থিত মার্কিন স্বার্থেও হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স