মিসাইল আতঙ্কে হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০১:২৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০১:২৪:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালির কাছে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। গত বৃহস্পতিবার জাহাজটি প্রণালি অতিক্রম করে বাংলাদেশে ফেরার চেষ্টা করলেও সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সেটি আবার পারস্য উপসাগরে ফিরে যায়।

জাহাজটির নিরাপদে হরমুজ প্রণালি পার হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালানোর অনুরোধ জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএসসি। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন। জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজা উপকূলের বহির্নোঙর এলাকায় অবস্থান করছে।

বিএসসি সূত্রে জানা গেছে, ভারত থেকে পণ্য নিয়ে ২ ফেব্রুয়ারি জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এর পরদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায়।

১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েত থেকে নতুন পণ্য নেওয়ার পরিকল্পনা ছিল। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে ঝুঁকি এড়াতে জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।

নাবিকদের তথ্য অনুযায়ী, ১২ মার্চ জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে সেখানে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ডও নিরাপত্তার কারণে জাহাজটিকে ফিরে যেতে নির্দেশ দেয়। এরপর জাহাজটি শারজা উপকূলে ফিরে যায়।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২২ সালের ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ক্ষতিগ্রস্ত হয় এবং এতে জাহাজটির প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153