জ্বালানি পেয়ে কুমিরা–গুপ্তছড়া নৌপথে আবার চালু স্পিডবোট

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০১:১৪:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০১:১৪:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জ্বালানি সংকটের কারণে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে আবার স্পিডবোট চলাচল শুরু হয়েছে। রোববার সকাল ছয়টা থেকে এই নৌপথে স্পিডবোট চলাচল পুনরায় চালু হয়।

স্পিডবোট পরিচালনাকারী প্রতিষ্ঠান আরকে এন্টারপ্রাইজের মালিক জগলুল হোসেন জানান, শনিবার সন্ধ্যায় একটি জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠানের লরিতে করে ঘাটে ৯ হাজার লিটার অকটেন পৌঁছায়। জ্বালানি পাওয়ার পরই স্পিডবোট চলাচল আবার শুরু করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ঈদের পুরো মৌসুমে স্পিডবোট চালাতে প্রায় ৮০ হাজার লিটার অকটেন প্রয়োজন হলেও আপাতত পাওয়া ৯ হাজার লিটার জ্বালানি দিয়ে প্রায় দুই দিন সার্ভিস চালানো যাবে।

ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, কুমিরা–গুপ্তছড়া নৌপথে তিনটি কোম্পানি স্পিডবোট পরিচালনা করে। এর মধ্যে আদিল এন্টারপ্রাইজ ও আরকে এন্টারপ্রাইজ যৌথভাবে ২৫টি স্পিডবোট পরিচালনা করছে। অন্যদিকে সন্দ্বীপ মেরিন সার্ভিস আলাদাভাবে আটটি স্পিডবোট পরিচালনা করলেও যান্ত্রিক ত্রুটির কারণে তাদের নৌযানগুলো আগেই বন্ধ হয়ে গেছে।

সাধারণ সময়ে আরকে এন্টারপ্রাইজ ও আদিল এন্টারপ্রাইজের প্রতিদিন প্রায় তিন হাজার লিটার অকটেন প্রয়োজন হয়। তবে ঈদের সময় যাত্রীর চাপ বাড়লে এই চাহিদা প্রায় সাড়ে চার হাজার লিটারে পৌঁছে যায়। গত ৭ মার্চ থেকে অকটেন না পাওয়ায় স্পিডবোট চলাচল বন্ধ ছিল।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, ঘাট কর্তৃপক্ষ তেল কোম্পানির সঙ্গে যোগাযোগ করে জ্বালানির ব্যবস্থা করেছে। ঈদযাত্রায় জ্বালানি সংকট দেখা দিলে তা সমাধানে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153