বৃহস্পতিবার সড়কে যানচলাচলে বিশেষ নির্দেশনা দিলো ডিএমপি

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০২:৩৮:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০২:৩৮:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার (১১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়,
জাতীয় সংসদের অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের যাতায়াত থাকবে। ফলে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকতে পারে।

এ পরিস্থিতিতে যানজট এড়াতে ডিএমপির ট্রাফিক বিভাগ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত কয়েকটি সড়কে ডাইভারশন কার্যকর করবে।

ডাইভারশন ও বিকল্প সড়কসমূহ—

ইন্দিরা রোড–বেগম রোকেয়া সরণি:

ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যাওয়া যানবাহন ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহন সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড ব্যবহার করে গন্তব্যে যেতে হবে।

মানিক মিয়া এভিনিউ–বেগম রোকেয়া সরণি:

মানিক মিয়া এভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যাওয়া যানবাহন বাঁয়ে মোড় নিতে পারবে না। সেক্ষেত্রে এসব যানবাহনকে ফার্মগেট হয়ে গন্তব্যে যেতে হবে।

এ ছাড়া উড়োজাহাজ মোড় থেকে খেজুরবাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীকে সম্ভাব্য যানজট এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে এবং সবার সহযোগিতা কামনা করেছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153