৪ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৫:০৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৫:০৩:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
হত্যা ও জালিয়াতির চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নিয়মিত জামিন দিয়েছেন হাইকোর্ট। এসব মামলায় তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার (০৮ মার্চ) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে খায়রুল হকের জামিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, সারা হোসেন, মোতাহার হোসেন সাজু ও সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদ, নাহিদ হোসেন, মো. জহিরুল ইসলাম সুমন ও মো. আক্তারুজ্জামান।

আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নিয়মিত জামিন দিয়েছেন হাইকোর্ট। দুদকের মামলায় তার জামিন প্রশ্নে জারি করা রুল বিচারাধীন। ফলে চার মামলায় জামিন হলেও আপাতত তার কারামুক্তি মিলছে না।

নিয়মিত জামিন বলতে কত দিনের জামিন বোঝায় জানতে চাইলে এই আইনজীবী বলেন, নিয়মিত জামিন বলতে অনির্দিষ্টকালের জামিনকে বোঝায়। তবে নিয়মিত জামিনের মেয়াদ থাকে মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল পর্যন্ত।

জামিনের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে কি না, জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। এর জন্য জামিনের বিষয়টি জানিয়ে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে নোট দেওয়া হবে।

দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153