ছাত্রদল ও নিষিদ্ধ ছাত্রলীগ সংঘর্ষ

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৫:২৩:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৫:২৩:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল বিক্রিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) ইফতারের পর বড়লেখা পৌরসভার পাখিয়ালা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ছাত্রদলের তৌফিকুর রহমান ফাহিম, আতিকুর রহমান ও হোসাইন আহমদ। তারা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আহতদের মধ্যে রয়েছেন রিহান আহমদ, শুভ, সাম্য, রিয়াদ, যুবলীগের সাধারণ সম্পাদক কামাল এবং কলেজ ছাত্রলীগ নেতা ফরহাদ। তারা অন্য একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল কেনাবেচা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

সংঘর্ষের পর ছাত্রদল নেতাকর্মীরা বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের বাড়িতে একাধিকবার হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এটি রাজনৈতিক হামলা নয়। এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি; অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153