আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলার দাবি, নেতানিয়াহুর পরিণতি নিয়ে যা জানা গেল

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৭:৫৯:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৭:৫৯:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলের সরকারি ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে তেল আবিবে প্রধানমন্ত্রী কার্যালয়ও রয়েছে। তবে ইরানি গণমাধ্যমগুলো নেতানিয়াহুর পরিণতি সঙ্গে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি।

সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমানবাহিনী প্রধানের সদরদপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’
 

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ–র বরাতে বলা হয়, তেল আবিবে অবস্থিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়, হাইফায় নিরাপত্তা স্থাপনা এবং পূর্ব জেরুজালেমের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

আইআরজিসি জানায়, প্রতিশোধমূলক অভিযানের দশম ধাপে এসব লক্ষ্যবস্তু ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে নেতানিয়াহুর পরিণতি ‘অনিশ্চিত’ বলে দাবি করা হয়। যদিও ইসরায়েল এখনো প্রধানমন্ত্রী কার্যালয়ে কোনো হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তেহরান দশ দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর ঘোষণা দেয়। ইরানি কর্মকর্তারা এই অভিযানে ইসরায়েলি ভূখণ্ড ও অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানিয়েছেন।


সোমবার জেরুজালেমে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করার চেষ্টা করছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153