শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, তদন্তে এলো চাঞ্চল্যকর তথ্য
আপলোড সময় :
১৭-০৩-২০২৬ ০৩:১৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৩-২০২৬ ০৩:১৭:৪৯ অপরাহ্ন
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, তদন্তে এলো চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের আঙিনায় কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম (রাকিব) হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে নতুন তথ্য বেরিয়ে আসছে। তদন্তকারীরা বলছেন, তাৎক্ষণিক কোনো সংঘর্ষ নয়; বরং দীর্ঘদিনের প্রেমঘটিত বিরোধ থেকে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এমনকি রাকিবকে হত্যা করতে ঢাকার ভেতর ও বাইরে থেকে ভাড়াটে খুনি আনা হয়েছিল বলেও ধারণা করছে পুলিশ।
মামলার বিবরণ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গত রোববার রাতে বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বন্ধুদের সঙ্গে শহীদ মিনারের সিঁড়িতে আড্ডা দিচ্ছিলেন। রাত প্রায় সোয়া ৯টার দিকে তিনি মোটরসাইকেল পার্ক করে বসার পরপরই ওঁত পেতে থাকা ৫–৬ জন সশস্ত্র হামলাকারী তার ওপর ঝাঁপিয়ে পড়ে।
হামলাকারীরা প্রথমে তাকে লক্ষ্য করে গুলি চালায়, এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টা ৩৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তে রাকিবের শরীরে পাঁচটি গভীর কোপের চিহ্ন এবং পিঠ ও পেটে গুলির ক্ষত পাওয়া গেছে।
ঘটনার পর থেকেই তদন্ত শুরু করেছে বাংলাদেশ পুলিশ। রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, হামলায় ৭–৮ জন সরাসরি অংশ নেয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিরোধের জেরেই প্রতিপক্ষ গ্রুপটি পরিকল্পনা করে ভাড়াটে খুনিদের দিয়ে এই হামলা চালায়। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
নিহত রাকিবের বাবা তারিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। পরিবারের বাসা রাজধানীর নিমতলীর নাজিম উদ্দিন রোড এলাকায়। ছেলের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
রাকিব ‘রাকিব আহম্মেদ’ নামে ফেসবুক ও ইউটিউবে নিয়মিত কন্টেন্ট তৈরি করতেন এবং তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য।
শাহবাগ থানার উপপরিদর্শক মো. মিঠু ফকির জানান, ঘটনার পর স্থানীয়রা চাপাতিসহ একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স