ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরগি ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কার ছাত্রদল নেতা

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৭:০১:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৭:০১:২৯ অপরাহ্ন
মুরগি ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কার ছাত্রদল নেতা মুরগি ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কার ছাত্রদল নেতা
নিজস্ব প্রতিবেদকঃ
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ছাত্রদলের এক নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা শাকিল মিয়া স্থানীয় গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।

রোববার (১৫ মার্চ) রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার হাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফাহান মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, মুরগিবাহী একটি গাড়ি থেকে ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেডের একটি মুরগিবাহী গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, স্থানীয় শাকিল মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক গাড়িটির গতিরোধ করে জোরপূর্বক প্রায় ১৬০টি মুরগি ছিনিয়ে নেয়। এ সময় গাড়ির চালক ও তার সহযোগীর কাছ থেকে দুটি মানিব্যাগ ও একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।

খবর পেয়ে প্রতিষ্ঠানের সুপারভাইজার আশফাক ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তার মোটরসাইকেলের চাবিও নিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে শাকিল মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ