ভারতীয় ভিসা চালু নিয়ে যা জানালেন প্রণয় ভার্মা
আপলোড সময় :
১৬-০৩-২০২৬ ০৩:০৮:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৩-২০২৬ ০৩:০৮:২৪ অপরাহ্ন
ভারতীয় ভিসা চালু নিয়ে যা জানালেন প্রণয় ভার্মা
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য স্থগিত থাকা ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে আপাতত কোনো সুনির্দিষ্ট সুখবর নেই। তবে ভিসা প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এটি চালু হলে যথাসময়ে তা জানিয়ে দেওয়া হবে।
সোমবার প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
এর আগে গত ২ মার্চ তিনি দ্রুতই ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করলেও আজকের বক্তব্যে কিছুটা ভিন্ন সুর লক্ষ্য করা গেছে।
বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ক্রস-বর্ডার পাওয়ার এবং এনার্জি কানেক্টিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এই সংযোগগুলো আরও বেগবান করার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া চলমান বিভিন্ন দ্বিপাক্ষিক প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়েও তারা একমত হয়েছেন। ভারতের ভিসা ইস্যুটি নিয়ে কাজ চললেও তা ঠিক কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স