শরীর থেকে কলিজা কেটে আলাদা, বের করা হয় ভুঁড়ি, সেই কিশোরের মৃত্যু
আপলোড সময় :
১৫-০৩-২০২৬ ০৫:০০:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৩-২০২৬ ০৫:০০:৪৯ অপরাহ্ন
শরীর থেকে কলিজা কেটে আলাদা, বের করা হয় ভুঁড়ি, সেই কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
শেরপুরের নকলায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত কিশোর সজীব মিয়া (১৪) চার দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। গত ১৪ মার্চ, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সজীব নকলা উপজেলার টালকি ইউনিয়নের বিবিরচর গ্রামের কৃষক ফারহান মিয়ার একমাত্র ছেলে। সজীবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ মার্চ রাত ১০টার দিকে আড্ডা দেওয়ার কথা বলে সজীবকে নকলা বাইপাস ব্রিজের নিচে ডেকে নেয় একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মো. রিফাত (১৮) ও তার আরও ৩-৪ জন সহযোগী। সেখানে একটি মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে রিফাত সজীবকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এতে তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায় এবং কলিজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সজীবের চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আইসিইউতে চার দিন লড়াই করার পর শনিবার বিকেলে সজীবের মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, হামলাকারীরা এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। ঘটনার পরদিন ১১ মার্চ দুপুরে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিহতের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেন।
স্থানীয় ব্যবসায়ী তৈয়বুর রহমান বলেন, সামাজিক ও পারিবারিক অবক্ষয়ের কারণেই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
টালকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদুর রহমান জানান, সজীবের মরদেহ এখনো এলাকায় পৌঁছেনি; তবে তারা পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, সজীবের ওপর হামলার ঘটনায় নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স