আচমকাই গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাবেক মুখ্যমন্ত্রী
আপলোড সময় :
১২-০৩-২০২৬ ০৯:১৩:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৩-২০২৬ ০৯:১৩:৫১ অপরাহ্ন
আচমকাই গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাবেক মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ভারতশাসিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও তার ছেলে ওমর আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় জম্মুর গ্রেটার কৈলাস এলাকার রয়েল পার্কে একটি বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এক ব্যক্তি খুব কাছ থেকে (পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ) ফারুক আবদুল্লাহর দিকে গুলি চালানোর চেষ্টা করেন।
এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা এক কমান্ডো হামলাকারীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি প্রাণে বেঁচে যান। ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি পিস্তল হাতে ফারুক আবদুল্লাহর দিকে এগিয়ে এসে গুলি ছোড়েন।
তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত হামলাকারীকে কাবু করে ফেলেন। ফারুক আবদুল্লাহ অক্ষত থাকলেও তার সঙ্গে থাকা জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম কমল সিং জামওয়াল। তিনি জম্মুর বাসিন্দা। জিজ্ঞাসাবাদে জামওয়াল দাবি করেছেন, গত ২০ বছর ধরে তিনি আবদুল্লাহকে হত্যার চেষ্টা করে আসছেন। তবে তার উদ্দেশ্য সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।
এদিকে জেড-প্লাস ও এনএসজি নিরাপত্তা বলয়ের মধ্যেও কীভাবে একজন সশস্ত্র ব্যক্তি এত কাছাকাছি পৌঁছাল—তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘আল্লাহ দয়ালু। আমার বাবা অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেছেন। এখনো পুরো ঘটনা পরিষ্কার নয়, তবে যতটুকু জানা গেছে, একজন লোক লোড করা পিস্তল নিয়ে খুব কাছ থেকে গুলি ছুঁড়তে পারে।’
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স