ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৭:০৭:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৭:০৭:৩১ অপরাহ্ন
সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায় সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতা পদের মনোনয়ন চূড়ান্ত হতে পারে। পরদিন বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদের প্রথম দিনের অধিবেশনে এসব প্রস্তাব উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সকাল ১১টায় সভাটি অনুষ্ঠিত হবে।

সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ।

সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথ গ্রহণের দিন বিরোধী দলের সভায় বিরোধীদলীয় নেতা, উপনেতা এবং বিরোধীদলীয় চিফ হুইপ চূড়ান্ত করা হয়। একই দিন সংসদ নেতা নির্বাচিত হলেও সংসদ উপনেতা এখনো নির্বাচিত হয়নি।

বিএনপিদলীয় একাধিক সংসদ সদস্য জানিয়েছেন, বুধবারের সভায় সংসদ উপনেতা নির্বাচন হতে পারে। পাশাপাশি স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা প্রার্থী হবেন, সেটিও চূড়ান্ত করা হতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতা পদের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন ও সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

সরকারি দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের একজনের নাম চাওয়া হলেও সেই প্রস্তাবে এখনো সাড়া দেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। সে ক্ষেত্রে পরবর্তী করণীয় নিয়েও সভায় আলোচনা হতে পারে। জামায়াত নাম না দিলে সরকারি দল থেকেই ওই পদে প্রার্থী দেওয়া হতে পারে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, গণভোটে পাস হওয়া জুলাই জাতীয় সনদ অনুযায়ী উচ্চকক্ষ ও নিম্নকক্ষের ডেপুটি স্পিকার বিরোধী দলের হওয়ার কথা।

তিনি আরও বলেন, বিএনপি যে প্রস্তাবের কথা বলছে, সেটি স্পষ্ট করা প্রয়োজন। এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো লিখিত প্রস্তাব পাওয়া যায়নি, কেবল মৌখিকভাবে বিরোধী দলকে ডেপুটি স্পিকার দেওয়ার কথা বলা হয়েছে।

তবে সরকারি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে ডেপুটি স্পিকার পদ গ্রহণ করতে পারে জামায়াত। সে ক্ষেত্রে দলটির ভেতরে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন পাবনা-১ আসন থেকে নির্বাচিত নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মাহবুব সালেহী এবং পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত মাসুদ সাঈদী।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ