খাদ্যে ভেজাল ও ওজনে কারচুপি রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা কার্যক্রম
আপলোড সময় :
০৭-০৩-২০২৬ ০১:০৭:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৩-২০২৬ ০১:০৭:৩২ অপরাহ্ন
খাদ্যে ভেজাল ও ওজনে কারচুপি রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
বরগুনায় খাদ্যে ভেজাল ও মাপে-ওজনে কারচুপি রোধে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ। পবিত্র রমজান মাসকে সামনে রেখে গতকাল শুক্রবার (৬ মার্চ) সংগঠনটির বরগুনা জেলা শাখার উদ্যোগে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
খাদ্যে ভেজাল ও মাপে-ওজনে কারচুপি—এই দুই অনৈতিক কর্মকাণ্ড সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে ভেজাল মেশানো এবং পণ্য বিক্রির সময় কম ওজন দেওয়া শুধু ভোক্তার সঙ্গে প্রতারণাই নয়, এটি মানবস্বাস্থ্য ও নৈতিকতার ওপর সরাসরি আঘাত। সচেতন নাগরিক সমাজ মনে করছে, প্রশাসনিক তৎপরতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।
এ উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা স্থানীয় ব্যবসায়ীদের কাউন্সিলিং করেন, সাধারণ মানুষকে সচেতন করেন এবং পোস্টার প্রদর্শনের মাধ্যমে প্রচারণা চালান। তারা ব্যবসায়ীদের নৈতিক ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং ভোক্তাদেরও সচেতন হওয়ার পরামর্শ দেন।
বিশেষজ্ঞদের মতে, ভেজাল খাদ্য গ্রহণের ফলে ক্যান্সার, কিডনি জটিলতা, লিভারের ক্ষতি, হৃদরোগসহ নানা দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ছে। অধিক মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী দুধে পানি, মসলায় ক্ষতিকর রং, ফলে কেমিক্যাল এবং মাছ-মাংসে বিভিন্ন বিষাক্ত উপাদান মিশিয়ে বাজারজাত করছেন।অন্যদিকে, ওজনে কম দেওয়া বা মাপে কারচুপি করা ভোক্তার অধিকার লঙ্ঘনের শামিল।
পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত এ সচেতনতা কার্যক্রমে বক্তারা তাদের আলোচনায় ইসলামি মূল্যবোধ তুলে ধরেন।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ, সহসভাপতি সাইদুর রহমান,সামছুর রহমান,অর্থ সম্পাদক জিয়াউর রহমান,সদস্য আবুল হাসান, ফোরকানুল ইসলাম,সিফাত,জাফর মৃধা,সবুজ,গোলাম মোস্তফা, দৈনিক কালের কণ্ঠ বরগুনা প্রতিনিধি মিজানুর রহমান, বাংলানিউজ২৪ বরগুনা প্রতিনিধি জাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
দৈনিক কালের কণ্ঠ বরগুনা প্রতিনিধি ও জেলা শুভসংঘের উপদেষ্টা মিজানুর রহমান বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে ব্যবসা-বাণিজ্যে সততা, ন্যায্যতা ও বিশ্বস্ততার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। আল-কুরআন-এর সূরা আল-মুতাফফিফীন-এ বলা হয়েছে:“ধ্বংস তাদের জন্য, যারা মাপে কম দেয়; যারা মানুষের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণ নেয়, আর যখন তাদেরকে মেপে বা ওজন করে দেয়, তখন কম দেয়।” এ আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, মাপে-ওজনে কম দেওয়া গুরুতর অপরাধ এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ। ইসলামী শরিয়তে এটি হারাম ও মহাপাপ হিসেবে বিবেচিত।
বাংলানিউজ ২৪ বরগুনা প্রতিনিধি জাহিদুল ইসলাম বলেন, মহানবী মুহাম্মদ (সা.) ব্যবসায় সততা ও বিশ্বস্ততার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এক হাদিসে মহানবী বলেন, “সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে।” অন্য হাদিসে তিনি সতর্ক করে বলেন, “যে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।” মহানবীর ওই নির্দেশনা মেনে আমাদের জীবন পরিচালিত করতে হবে।
বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ বলেন, খাদ্যে ভেজাল ও ওজনে কারচুপি বন্ধে কঠোর নজরদারির পাশাপাশি নৈতিক শিক্ষা জোরদার করা প্রয়োজন। মসজিদ, মাদরাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে নিয়মিত আলোচনা ও প্রচারণা চালাতে হবে। অভিভাবকদেরও সন্তানদের ছোটবেলা থেকেই সততা ও ন্যায্যতার শিক্ষা দিতে হবে।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, ভোক্তাদেরও দায়িত্বশীল হতে হবে—পণ্য কেনার সময় ওজন যাচাই করা, সন্দেহজনক পণ্য পরিহার করা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা জরুরি। ব্যবসায়ীদের মনে রাখতে হবে, সাময়িক লাভের আশায় প্রতারণা করে অর্জিত অর্থ দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে না।
বক্তারা আরও বলেন, খাদ্যে ভেজাল ও মাপে-ওজনে কম দেওয়া সমাজে অবিশ্বাস, অসুস্থতা ও অনৈতিকতার বিস্তার ঘটায়। তাই ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ভেজালমুক্ত ও ন্যায়ভিত্তিক বাজারব্যবস্থা গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার। সততা, ন্যায়পরায়ণতা ও আল্লাহভীতি—এই তিন গুণই পারে সমাজকে কল্যাণ ও শান্তির পথে এগিয়ে নিতে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স