যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে নন-ট্যারিফ বাধা দূর করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
আপলোড সময় :
০৪-০৩-২০২৬ ১২:৫৯:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৩-২০২৬ ০১:০১:৫২ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে নন-ট্যারিফ বাধা দূর করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দেশটিতে মার্কিন বিনিয়োগ আরও বৃদ্ধি করতে বিদ্যমান কিছু ‘নন-ট্যারিফ’ বাধা দূর করার তাগিদ দিয়েছে ওয়াশিংটন।
আজ বুধবার (৪ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এসব তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী, তবে বিনিয়োগের ক্ষেত্রে কিছু নন-ট্যারিফ বাধা রয়েছে। সরকার এই বাধাগুলো চিহ্নিত করেছে এবং তা দূর করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগের পরিমাণ বর্তমানের তুলনায় বহুগুণ বৃদ্ধি পাবে।’
অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বাণিজ্য চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান চুক্তিতে বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে।
তিনি উল্লেখ করেন, যেকোনো চুক্তিই একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং এটি দুই দেশের পারস্পরিক সমর্থনের ভিত্তিতেই হয়েছে। তবে সময়ের প্রয়োজনে যেকোনো চুক্তি পরিবর্তনশীল হতে পারে। সরকার যদি ভবিষ্যতে জনস্বার্থে কোনো চুক্তিতে সংশোধন বা পরিবর্তনের প্রয়োজন মনে করে, তবে তা অবশ্যই সম্ভব বলে তিনি জানান।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স