ব্রাজিল তারকার বিশ্বকাপ শেষ, নেইমারের আবেগঘন বার্তা
আপলোড সময় :
০৪-০৩-২০২৬ ১২:২০:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৩-২০২৬ ১২:২০:১৭ অপরাহ্ন
ব্রাজিল তারকার বিশ্বকাপ শেষ, নেইমারের আবেগঘন বার্তা
নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপ শুরু হতে এখনও তিন মাসেরও বেশি সময় বাকি। তবে এখনই বড় দুঃসংবাদ পেয়ে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফুটবলারদের জম-খ্যাত অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) এবং মেনিস্কাস ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। অনাকাঙ্ক্ষিত এই খবর পাওয়ার মুহূর্তকে তিনি নিজের সবচেয়ে ‘বাজে দিন’ বলে উল্লেখ করেছেন।
গত সোমবার লা লিগার ম্যাচে গেতাফের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে ডান পায়ের হাঁটুতে চোট পান রদ্রিগো। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে এক বিবৃতিতে রিয়াল জানায়, ‘পরীক্ষার পর রদ্রিগোকে নিয়ে রিয়াল মাদ্রিদ মেডিক্যাল সার্ভিস বলছে, তার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও ল্যাটারাল মেনিস্কাস ছিঁড়ে গেছে।’ যা থেকে সেরে উঠতে আট মাসের মতো সময় লাগতে পারে বলে সূত্রের বরাতে জানিয়েছে ইএসপিএন।
বিশ্বকাপের আগে ব্রাজিল এবং রদ্রিগো উভয়ের জন্যই এটি বড় দুঃসংবাদ। তার প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ), ‘রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসের প্রতি আমরা সংহতি জানাচ্ছি। স্প্যানিশ লিগে গেতাফের বিপক্ষে তিনি গুরুতর ইনজুরিতে পড়েছেন। রদ্রিগো ডান হাঁটুতে এসিএল এবং মেনিস্কার ইনজুরিতে ইনজুরি ধরা পড়েছে। এই অ্যাথলেটের সুস্থতা এবং যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারে সেই কামনা করছে সিবিএফ।’
বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বিপর্যস্ত ও হতাশ রদ্রিগো। নিজের সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘অনেক বড় প্রতিবন্ধকতা এসেছে আমার জীবন, আমার ক্যারিয়ারে এবং এটি আমি সবচেয়ে পছন্দ করি এমন কিছুর বাইরে ঠেলে দিয়েছে। আমি ক্লাব এবং দেশের হয়ে বিশ্বকাপে খেলা থেকে ছিটকে গেছি। এটি এমন এক স্বপ্ন, সবাই জানে এর মূল্য আমার কাছে কতটা। শক্তিশালী হয়ে উঠতে যা করার দরকার আমি করব, এটি নতুন কিছু নয়।’
‘এটি আমার জীবনে সবচেয়ে খারাপ দিনগুলো একটি। যে ইনজুরি নিয়ে সবসময় আতঙ্কে থেকেছি। সম্ভবত জীবন আমার প্রতি একটু বেশিই নিষ্ঠুর। আমি জানি না এটাই প্রাপ্য ছিলাম কি না, তবে আমি এ নিয়ে কী অভিযোগ করব? এমন অসাধারণ মুহূর্তেরও অভিজ্ঞতা আমার হয়েছে, হয়তো সেসবও আমি প্রাপ্য ছিলাম না’, আরও যোগ করেন ২৫ বছর বয়সী এই তারকা।
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ চার ম্যাচের স্কোয়াডে ছিলেন না রদ্রিগো। তবে কোচ কার্লো আনচেলত্তি গত অক্টোবর-নভেম্বরে খেলা সেলেসাওদের চারটি প্রীতি ম্যাচে তাকে রেখেছিলেন। রদ্রিগোকে সান্ত্বনা দিয়ে বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তিনি নিজেও ২০২৩ সালে একই ইনজুরিতে (এসিএল ও মেনিস্কাস) পড়ে প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন। এরপর থেকে তার আর জাতীয় দলে ফেরা হয়নি। যদিও ইনজুরির পর ইনজুরি কাটিয়ে তিনি খেলে যাচ্ছেন শৈশবের ক্লাব সান্তোসের হয়ে। তবে তিনিও ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর।
রদ্রিগোর উদ্দেশে ৩৪ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘আজ আমার জন্য সবচেয়ে দুঃখের দিন। যখন আমি এই ইনজুরির খবর পেলাম, তখন মাথার ভেতর একটি সিনেমা ঘুরছিল। যে ইনজুরি থেকে মুক্ত হওয়ার পুরো সময়ে অনেক ভোগান্তি, যন্ত্রণা এবং ভয় জড়িয়ে থাকে। আমার ১০ নম্বর, আমার ছেলে, আমার উত্তরসূরি (আমি তোমাকে এভাবেই ডাকি), তোমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তোমার মনকে শক্ত রাখো। এখন সময় তোমার প্রিয় মানুষদের পাশে রাখার।’
‘যেমন তুমি আমাকে বলেছিলে– ‘এখন তোমার এভাবে যাওয়ার কথা ছিল না।’ কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলার আমরা কে? আমি নিশ্চিত, তুমি আগের চেয়েও সেরা ছন্দে ফিরবে। আমি তোমাকে ভালোবাসি। তুমি যেমন আমাকে সমর্থন দিয়েছ, আমিও তেমনই তোমার পাশে থাকব’, আরও যোগ করেন নেইমার।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স