পৌর ছাত্রদলের আক্রমণে ছুরিকাহত কলেজ ছাত্রদল সভাপতি
আপলোড সময় :
০২-০৩-২০২৬ ০৯:৫০:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৩-২০২৬ ০৯:৫০:৫৮ অপরাহ্ন
পৌর ছাত্রদলের আক্রমণে ছুরিকাহত কলেজ ছাত্রদল সভাপতি
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল গুরুতর আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ও হামলার ঘটনা ঘটে। শাকিল নন্দীগ্রাম পৌর এলাকার মাঝগ্রামের শফিকুল ইসলামের ছেলে।
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল হামলার ঘটনায় পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দলকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ওই পোস্টে তিনি লিখেন, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে তাকে এলোপাথাড়ি মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রাতে খবর পেয়ে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন হাসপাতালে যান। তিনি সাংবাদিকদের জানান, হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্তরা দলের কেউ হলেও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রশ্রয় পাবে না এবং সাংগঠনিক পদক্ষেপ নেয়া হবে।
এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই ঘটনায় থানায় এখনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ হলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স