ছুটিতে দেশে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিল্লালের
আপলোড সময় :
০২-০৩-২০২৬ ১২:১৬:২০ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৩-২০২৬ ১২:১৬:২০ অপরাহ্ন
ছুটিতে দেশে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিল্লালের
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বিল্লাল হোসেন (৩৯) নিহত হয়েছেন। সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড ইন্ডাস্ট্রির সামনে এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন (৩৯) রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দামেজ উদ্দীনের ছেলে। সম্প্রতি তিনি প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিলেন।
পাংশা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল রাজবাড়ী থেকে মোটরসাইকেলে করে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে পাংশার দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে বাগমারা এলাকায় পৌঁছালে পাংশা থেকে ফরিদপুরগামী একটি মালবাহী ট্রাক সামনে থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামিম হোসেন গণমাধ্যমকে বলেন, ট্রাকচাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে কালুখালী হাসপাতালে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স